
নিজস্ব প্রতিবেদক:
সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের ধীরগতির পেছনে বিএনপির দলীয় স্বার্থ কাজ করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
বুধবার (২৬ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক পরিকল্পনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। দলটির ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর সিটি করপোরেশনগুলোর প্রশাসনিক পদগুলো শূন্য হয়ে যায়। এরপর অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগের মাধ্যমে প্রায় ১৮ মাস ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা করেছে। কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সিটি করপোরেশন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির সমঝোতার নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। দেশ পুনর্গঠনের জন্য জাতির সামনে ছয় মাসের একটি প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হলেও বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং সিটি করপোরেশনগুলোতে দলীয় ব্যক্তিদের দায়িত্ব দিয়ে সরকার নির্বাচনী ব্যবস্থাকে আরও জটিল করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।
ইসলামী আন্দোলনের এই নেতা অভিযোগ করেন, জনগণের সঙ্গে প্রতারণা করে দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। নির্বাচনে দলীয়ভাবে পরাজয়ের আশঙ্কা থেকেই হয়তো আগেভাগে নিজেদের স্বার্থ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তার দাবি, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুবিধা নিশ্চিত করতেই সিটি করপোরেশন নির্বাচন আয়োজন বিলম্বিত করা হচ্ছে।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নগর সেক্রেটারি কেএম শরীয়াতুল্লাহ নগরবাসীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীর সাধারণ মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি যানজট, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো সমস্যায় নগরবাসী অতিষ্ঠ।
তিনি বলেন, নাগরিকদের এসব সমস্যা ও দাবির বিষয়ে সরকার বারবার উদাসীনতা দেখাচ্ছে। মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত না করে তাদের মধ্যে ক্ষোভ বাড়ানোর মতো সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি। অন্যথায় ইসলামী আন্দোলন আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও সতর্ক করেন।
কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দলের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ এম এইচ মোস্তফা, মাওলানা আব্দুর রাজ্জাক, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ ফজলুল হক মৃধা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, হাফেজ মাওলানা নাজির আহমাদ শিবলী, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তরিক মাসউদ, আলহাজ বেলাল হোসেন আরিফ, মুফতি মাওলানা ওমর ফারুক, প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা গাজী নাজিমুদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী অংশ নেন।
মন্তব্য করুন