সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার করতোয়া নদীর কালীগঞ্জ ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একই সঙ্গে সেখানে নৌকাবাইচের আয়োজনও স্থগিত করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ আয়োজনের জন্য বিএনপি ও জামায়াত পৃথক সময়সূচি ঘোষণা করে। জামায়াতে ইসলামী ৪ ও ৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নেয়।
দুই পক্ষের আয়োজিত অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের নাম রাখা হয়।
বিএনপির আয়োজিত নৌকাবাইচের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা জানান, ৭ থেকে ৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে বিএনপির উদ্যোগে ১৭তম নৌকাবাইচ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে পরে জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু তাদের মঞ্চের পাশেই আরেকটি মঞ্চ নির্মাণ করে ৪ ও ৫ সেপ্টেম্বরের প্রতিযোগিতার প্রস্তুতি নেন। এ নিয়ে দুই পক্ষ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়। এরপর প্রশাসন নৌকাবাইচ বন্ধের সিদ্ধান্ত নিয়ে ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করে।
সেলিম রেজা বলেন, নৌকাবাইচ স্থানীয় ঐতিহ্যের অংশ। তাই এটি বন্ধ না করে দুই পক্ষের সমন্বয়ে আয়োজন করার চেষ্টা চলছে।
অন্যদিকে জামায়াতের নৌকাবাইচ উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু জানান, ৪ ও ৫ সেপ্টেম্বরের কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু প্রতিযোগিতার প্রধান অতিথি বিদ্যুৎমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় অনুষ্ঠানে তার উপস্থিতি সম্ভব নয় বলে জানা যায়। এরপর বিএনপির পক্ষ থেকে প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়। পরবর্তীতে জামায়াতের পক্ষ থেকেও প্রশাসনের কাছে পাল্টা অভিযোগ দেওয়া হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষই প্রশাসনের কাছে পৃথক অভিযোগ করেছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নৌকাবাইচের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কালীগঞ্জ ঘাট এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
মন্তব্য করুন