
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরের পর হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় হিরোন মটরস শোরুমসংলগ্ন ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল (৫০) এবং সিঙ্গিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট-১২-৫৪৮২ নম্বরের একটি ট্রাক হাতীবান্ধার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বড়খাতা হয়ে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার পর ট্রাকটি অটোরিকশাটিকে টেনেহিঁচড়ে বেশ কিছু দূর নিয়ে যায়। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশে থাকা ‘হিরোন মটরস’ মোটরসাইকেল শোরুমে ঢুকে পড়ে।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। একই সঙ্গে শোরুমে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। অটোরিকশায় থাকা এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন