
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে জনপ্রিয় ব্যান্ড আর্কের ভোকাল হাসানকে লক্ষ্য করে বোতল ছোড়ার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। দেশের সংগীতাঙ্গনের পরিচিত এই শিল্পীর সঙ্গে এমন আচরণে ক্ষোভ জানান সহকর্মী শিল্পী ও সংগীতপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটির প্রতিবাদে সরব হন অনেকে।
সেই ঘটনার পর শিল্পীদের সম্মান, মঞ্চে তাদের স্বাধীনতা এবং রক সংগীতের গুরুত্ব তুলে ধরতে নতুন একটি কনসার্টের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘লাউড সিটি টেকওভার’ নামের এই আয়োজনটি করছে এক্স ফোর্স প্রেজেন্স।
আগামী ৪ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বসবে এই রক কনসার্টের আসর। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন রক কিংবদন্তি হাসান ও তার ব্যান্ড আর্ক। তাদের সঙ্গে আরও সাতটি ব্যান্ড সংগীত পরিবেশন করবে।
কনসার্টের আয়োজনের বিষয়টি জানিয়েছেন সুরকার ও রক সংগীতশিল্পী এ কে রাহুল। মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ আয়োজনের কথা জানান।
পোস্টে রাহুল বলেন, হাসানকে ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সংগীতাঙ্গনের সবাইকে ব্যথিত করেছে। ঘটনার পর তিনি টিংকু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিজের দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে সংগীতের কিংবদন্তি শিল্পীদের যথাযথ মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
রাহুল জানান, সেদিনই তিনি এমন একটি আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেখানে অভিজ্ঞ ও জনপ্রিয় শিল্পীরা কোনো ধরনের তাড়া বা অপ্রয়োজনীয় সীমাবদ্ধতা ছাড়াই নিজেদের মতো করে গান পরিবেশন করতে পারবেন। সেই ভাবনা থেকেই এই কনসার্টের পরিকল্পনা করা হয়েছে।
আয়োজকদের ভাষ্য, ‘লাউড সিটি টেকওভার’-এ বাহ্যিক চাকচিক্যের চেয়ে গান ও রক সংগীতকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিল্পীদের সম্মান এবং সৃজনশীল স্বাধীনতা থাকবে আয়োজনের অন্যতম প্রধান বিষয়।
সংগীতপ্রেমীদের অংশগ্রহণ সহজ করতে টিকিটের দামও তুলনামূলকভাবে সাশ্রয়ী রাখার কথা জানিয়েছে আয়োজকরা। হাসান ও আর্কের পাশাপাশি আরও সাতটি ব্যান্ডের পরিবেশনায় ৪ সেপ্টেম্বরের এই আয়োজনটি রক সংগীতপ্রেমীদের জন্য বিশেষ একটি সন্ধ্যায় পরিণত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন