রংপুরে চার খুন: হত্যার পর গোসল, খেজুর-শসা খেয়ে ইয়াবা সেবন - Nexa Barta
Nexa Barta
২৩ অগাস্ট ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে চার খুন: হত্যার পর গোসল, খেজুর-শসা খেয়ে ইয়াবা সেবন

মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

রংপুর প্রতিনিধি: রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তাঁর স্ত্রী, মেয়ে ও ১২ বছর বয়সী ছেলেকে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পরও দীর্ঘ সময় ওই বাড়িতে অবস্থান করেন অভিযুক্তরা। এ সময় তারা বাসার বাথরুমে গোসল করেন, ডাইনিং টেবিলে বসে খেজুর ও শসা খান এবং ইয়াবা সেবন করেন। পরে স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মহানগর পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুজন হলেন নগরীর মাছুয়াপাড়া এলাকার শ্রীমুগ্ধ ওরফে মুগ্ধ (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাতে গণপতি চক্রবর্তীর নির্মাণাধীন বাড়ির ছাদে ইয়াবা সেবন ও আড্ডা দিচ্ছিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ। এ সময় শব্দ পেয়ে গণপতি চক্রবর্তী ছাদে গিয়ে তাদের সেখানে অবস্থানের বিষয়ে জানতে চান। নিজেদের পরিচয় প্রকাশ পাওয়ার আশঙ্কায় তাঁকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গ্রেপ্তার দুজন।

পুলিশ জানায়, গণপতি চক্রবর্তীর বাঁচার চেষ্টার শব্দ শুনে তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ছাদে যাওয়ার চেষ্টা করলে তাকেও সিঁড়িতে হত্যা করা হয়। পরে তাঁদের মেয়ে প্রার্থী চক্রবর্তী এগিয়ে এলে তাকেও হত্যা করা হয়। এরপর নিচতলায় ঘুমিয়ে থাকা ১২ বছর বয়সী ছেলে প্রিয়ম চক্রবর্তীকেও হত্যা করা হয়।

পুলিশ কমিশনারের বক্তব্য অনুযায়ী, প্রিয়ম আসামিদের চিনত এবং তাদের সঙ্গে পরিচয় ছিল। এ কারণে নিজেদের পরিচয় প্রকাশ পাওয়ার আশঙ্কায় শিশুটিকেও হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

হত্যার পরও বাড়িতে অবস্থান

পুলিশের দাবি, চারজনকে হত্যার পরও অভিযুক্তরা ওই বাড়িতে অবস্থান করেন। সকালে তারা পর্যায়ক্রমে বাসার বাথরুমে গোসল করেন। এরপর ডাইনিং টেবিলে বসে খেজুর ও শসা খান এবং সেখানে থাকা ইয়াবা সেবন করেন।

ঘটনাস্থল থেকে অর্ধেক খাওয়া একটি শসা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খেজুরের বিচিও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকার সুযোগে অভিযুক্তরা বাড়ি থেকে কিছু স্বর্ণালংকার নিয়ে বেরিয়ে যান। পরে সেগুলো একটি পরিত্যক্ত জায়গায় রেখে দেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

ডাকাতির ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাটিকে ডাকাতির ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। এ জন্য বাড়ির বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে রাখা হয়। এমনকি বাড়িতে থাকা দুটি মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল বলে পুলিশের দাবি।

পুলিশের ধারণা, ঘটনাস্থলে স্বর্ণ পরীক্ষা করার আলামত পাওয়ায় স্বর্ণের কাজের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি ঘটনায় জড়িত থাকতে পারেন। পরে তদন্তে সিদ্ধার্থের পরিচয় সামনে আসে। পুলিশ জানায়, সিদ্ধার্থ একটি স্বর্ণের দোকানে কাজ করেন এবং স্বর্ণ ও নকল গয়না শনাক্ত করার অভিজ্ঞতা রয়েছে।

যেভাবে পুলিশের হাতে গ্রেপ্তার

পুলিশ জানায়, ঘটনার পর রংপুর মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিআইডিসহ বিভিন্ন ইউনিট তদন্তে নামে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়। পরে সন্দেহভাজন হিসেবে মুগ্ধ ও সিদ্ধার্থের নাম সামনে আসে।

রোববার ভোরে নগরীর মাছুয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দিয়েছে বলে পুলিশের দাবি।

পুলিশ আরও জানায়, মুগ্ধ ও সিদ্ধার্থ পরস্পরের আত্মীয় এবং তারা মামাতো ভাই। তাদের বাড়ি একই এলাকায়। নিহত পরিবারের সঙ্গে তাদের পূর্বপরিচয় ছিল বলেও জানিয়েছে পুলিশ।

নিহত চারজন

শনিবার রাতে মাছুয়াপাড়া এলাকার তালাবদ্ধ একটি বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)।

গণপতি চক্রবর্তী রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। গত বছরের ডিসেম্বরে তিনি অবসরে যান। পরে রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে চিকিৎসাসেবা দিতেন।

তাঁর মেয়ে প্রার্থী চক্রবর্তী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। ছেলে প্রিয়ম রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শনিবার রাতে বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে। পরে তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট।

মামলা হয়েছে

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় করা হয়েছে। মামলার নম্বর ৪৩।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, কিংবা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা করা হবে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখন পর্যন্ত হত্যাকাণ্ডে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে সংগৃহীত অন্যান্য আলামতও পরীক্ষা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

রংপুরে চার খুন: হত্যার পর গোসল, খেজুর-শসা খেয়ে ইয়াবা সেবন

23 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com