নিজস্ব প্রতিবেদক
‘বাংলা কিউআর’ ব্যবহার করে এখন থেকে একজনের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট থেকে সরাসরি অন্যজনের হিসাবে টাকা পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে সর্বজনীন বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) লেনদেন চালু হওয়ার কথা রয়েছে। এ জন্য দেশের ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের নির্দেশনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ৩১ অক্টোবরের মধ্যে নিজস্ব অ্যাপে কিউআর তৈরি, স্ক্যান এবং মোবাইল গ্যালারি থেকে কিউআর কোডের ছবি আপলোডের সুবিধা যুক্ত করতে বলা হয়েছে।
নতুন ব্যবস্থায় ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহারকারীরা একটি করে ‘পার্সোনাল বাংলা কিউআর’ পাবেন।
টাকা পাঠাতে প্রাপক তার ব্যক্তিগত কিউআর কোড দেখাতে পারবেন। প্রেরক নিজস্ব ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে ওই কিউআর কোড স্ক্যান করেই টাকা পাঠাতে পারবেন।
প্রাপক দূরে থাকলেও কিউআর কোডের ছবি পাঠানো যাবে। সে ক্ষেত্রে প্রেরক অ্যাপের গ্যালারি থেকে ছবিটি নির্বাচন করে লেনদেন করতে পারবেন।
কিউআর স্ক্যান করার পর লেনদেনের আগে প্রাপকের পরিচয় ও প্রয়োজনীয় হিসাবসংক্রান্ত তথ্য দেখানো হবে। এতে টাকা পাঠানোর আগে তথ্য যাচাইয়ের সুযোগ থাকবে।
জাল বা পরিবর্তিত কিউআর কোডের মাধ্যমে প্রতারণা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থাও রাখা হচ্ছে। এ ব্যবস্থায় পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার (PKI) ও ডিজিটাল সিগনেচার ব্যবহারের কথা বলা হয়েছে।
লেনদেনের সময় কিউআর কোডের তথ্য যাচাই করা হবে, যাতে পরিবর্তিত বা ভুয়া তথ্য ব্যবহার করে অর্থ স্থানান্তরের ঝুঁকি কমানো যায়।
নতুন ব্যবস্থায় ব্যাংক হিসাব বা এমএফএস ওয়ালেট থাকা সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যক্তিগত কিউআর ব্যবহার করে অর্থ গ্রহণ করতে পারবেন। এর জন্য আলাদা প্রাতিষ্ঠানিক মার্চেন্ট হিসাবের প্রয়োজন হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যক্তি-থেকে-ব্যক্তি ডিজিটাল লেনদেন আরও সহজ হওয়ার পাশাপাশি নগদ অর্থের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।
মন্তব্য করুন