বিনোদন ডেস্ক: নতুন সিনেমা নিয়ে আপাতত আলোচনায় না থাকলেও ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে নিয়মিতই খবরের শিরোনামে আসছেন অভিনেত্রী পূজা চেরী। সম্প্রতি তার বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এখনো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। তবে পারিবারিকভাবে তার বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব পূজা। নিয়মিতই নিজের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বুধবার দুপুরে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলোতে পূজাকে দেখা গেছে সুইমিংপুলে বেশ স্বচ্ছন্দ সময় কাটাতে। সুইমস্যুট পরা অভিনেত্রীর হাতে ছিল জুস। কখনো কাঁধ পর্যন্ত পানিতে নেমেছেন, আবার কোনো ছবিতে পানির নিচে প্রায় নাক পর্যন্ত ডুবিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
তবে পূজার পোস্টে মূল আকর্ষণ ছিল পানিতে নামার দৃশ্য নয়, বরং তার দেওয়া ক্যাপশন। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন, ‘মুহূর্তের গভীরে ডুবে যাচ্ছি, জলের ভেতরে নয়।’ তার এই কথাতেই যেন বোঝা গেছে, পানিতে সময় কাটানোর পাশাপাশি সুন্দর মুহূর্তগুলো উপভোগ করাটাই ছিল তার মূল উদ্দেশ্য।
পূজার এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি বেশ পছন্দ করেছেন ভক্তরা। পোস্টের মন্তব্যঘরে অভিনেত্রীর সৌন্দর্য ও চোখের প্রশংসা করেছেন অনেকে। কেউ লিখেছেন, তার চোখের মায়ায় হারিয়ে যেতে পারে পুরো একটি প্রজন্ম। আবার কেউ পূজার এই ‘ডুবে যাওয়া’কে সুন্দর মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। আরেক ভক্তের ভাষ্য, পানিতে নয়, জীবনের আনন্দ ও সুন্দর অনুভূতির মধ্যেই ডুবে থাকাই প্রকৃত উপভোগ।
এদিকে বড় পর্দায় পূজাকে সর্বশেষ দেখা গেছে নির্মাতা সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমায়। কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছবিটি প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। এর আগে রোজার ঈদে মুক্তি পাওয়া রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী।
নতুন সিনেমায় পূজার ব্যস্ততা আপাতত খুব বেশি দৃশ্যমান না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি যে ভক্তদের আগ্রহ ধরে রেখেছে, সাম্প্রতিক এই ছবিগুলোই তার প্রমাণ।
মন্তব্য করুন