স্পোর্টস ডেস্ক : ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দারুণ ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ইরফান শুক্কুরের দল। ব্যাট হাতে অপরাজিত ফিফটি করে জয়ের অন্যতম নায়ক হয়েছেন শামীম পাটোয়ারী।
১৩২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ এইচপি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই তিন ব্যাটারকে হারায় তারা। হাবিবুর রহমান সোহান রানের খাতা খোলার আগেই ফেরেন। এরপর জিসান আলম ১১ ও আরিফুল ইসলাম ১৫ রান করে সাজঘরে ফেরেন। আগের ম্যাচে ফিফটি করা সাব্বির রহমানও এবার বড় ইনিংস খেলতে পারেননি; তার ব্যাট থেকে আসে ৫ রান।
দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে ম্যাচে ফেরান অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম পাটোয়ারী। চতুর্থ উইকেটে দুজনের ৮৩ রানের গুরুত্বপূর্ণ জুটি দলকে জয়ের পথে এগিয়ে দেয়। শুক্কুর ৩২ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলে আউট হন।
এরপর আব্দুল গাফফার সাকলাইনকে সঙ্গে নিয়ে বাকি কাজ শেষ করেন শামীম। জয়ের জন্য যখন মাত্র ২ রান প্রয়োজন, তখন নিজের ফিফটি পূর্ণ করতে তার দরকার ছিল আরও ৫ রান। অ্যানলিজার্কের করা বাউন্সারে কোনো শট না খেলে পরের বলের অপেক্ষায় থাকেন তিনি।
পরের বলটি ব্যাটারের পছন্দের জায়গায় ফেলতেই সুযোগ কাজে লাগান শামীম। মিড-উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে একসঙ্গে দলের জয় ও নিজের অর্ধশতক নিশ্চিত করেন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। সাকলাইন ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ এইচপির অধিনায়ক ইরফান শুক্কুর। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির ব্যাটাররা স্বচ্ছন্দে খেলতে পারেননি।
বাংলাদেশের স্পিনারদের আক্রমণে মাত্র ১৯.১ ওভারেই ১৩১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ান দলটি। তাদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক স্যাম হারপার। জাতীয় দলের হয়ে খেলা সাদারল্যান্ড করেন ৩০ রান।
বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ রুবেল। তিনি তুলে নেন চারটি উইকেট। রাকিবুল হাসান শিকার করেন তিন ব্যাটারকে। এ ছাড়া আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল একটি করে উইকেট নেন।
শেষ পর্যন্ত শামীমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩২ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় বাংলাদেশ এইচপি। এই জয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা তৃতীয় জয় পেল ইরফান শুক্কুরের দল, যা টুর্নামেন্টে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।
মন্তব্য করুন