স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দলের আকস্মিক ঢাকা সফরকে ঘিরে দেশের ফুটবল অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। রোববার দুপুরে ঢাকায় এসে প্রতিনিধি দলটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করার পাশাপাশি জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করতে পারে বলে জানা গেছে।
বাফুফে সূত্রে প্রতিনিধি দলের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও সফরের উদ্দেশ্য নিয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ব্রাজিলের এই সফরকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা।
এর আগে গত সপ্তাহে ব্রাজিলের একটি দল কলকাতার সল্ট লেক স্টেডিয়াম ঘুরে দেখে। স্টেডিয়ামের মাঠের ঘাসের অবস্থা, ঘনত্ব ও অসমতা নিয়ে তাদের কিছু উদ্বেগের কথা সামনে আসে। বিশেষ করে মাঠের মান নিয়ে অসন্তুষ্টির কারণে ভিনিসিয়ুস জুনিয়রসহ ব্রাজিলের তারকা ফুটবলারদের চোটের ঝুঁকি নিয়ে আলোচনা তৈরি হয়।
ভারতীয় কর্তৃপক্ষ অবশ্য মাঠের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছিল। এর মধ্যেই ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের খবর সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠেছে—আগামী অক্টোবরের ফিফা উইন্ডোতে ব্রাজিলের সম্ভাব্য প্রীতি ম্যাচের ভেন্যু নিয়ে কি নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে?
অক্টোবরের আন্তর্জাতিক সূচিতে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের ব্যাপারে বাংলাদেশ আগেও আগ্রহ দেখিয়েছে। শুরুতে ভারতের সম্ভাবনাই বেশি বলে আলোচনা থাকলেও এবার ঢাকায় ব্রাজিলের প্রতিনিধি দলের উপস্থিতি সেই সম্ভাবনাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত বাংলাদেশে ব্রাজিলের ম্যাচ আয়োজনের বিষয়ে বাফুফে বা ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রতিনিধি দলের বৈঠক ও স্টেডিয়াম পরিদর্শনের পর বিষয়টি কোন দিকে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।
ফুটবল সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের স্টেডিয়াম, মাঠের মান এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো ব্রাজিলের প্রতিনিধিদের সন্তুষ্ট করতে পারলে দেশের ফুটবলের জন্য এটি বড় ধরনের সুযোগ হয়ে উঠতে পারে। বিশেষ করে বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিলকে ঢাকায় খেলানোর সুযোগ বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য হতে পারে স্মরণীয় এক ঘটনা।
এখন সবার নজর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ব্রাজিলের প্রতিনিধি দলের বৈঠকের দিকে। বৈঠকে কী আলোচনা হয় এবং পরবর্তী সময়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসে কি না, তার ওপরই নির্ভর করছে এই সম্ভাবনার পরবর্তী অধ্যায়।
মন্তব্য করুন