স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনার দ্বিতীয় প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। কাতালান ক্লাবটি ৫১.৩ মিলিয়ন পাউন্ডের পাশাপাশি আরও ৫ মিলিয়ন পাউন্ড অ্যাড-অন মিলিয়ে মোট ৫৬.৩ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাবকে গ্রহণযোগ্য মনে করেনি ইংলিশ ক্লাবটি।
এর আগে বার্সেলোনার প্রথম প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল সিটি। দ্বিতীয় দফার প্রস্তাবের পর রদ্রির দলবদল নিয়ে সমঝোতা হতে পারে বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ম্যানচেস্টারের ক্লাবটি।
সিটির পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে, রদ্রিকে ছাড়তে হলে বার্সেলোনাকে ৭০ মিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হবে। এখন কাতালান ক্লাবটি তাদের প্রস্তাবের অঙ্ক বাড়াবে কি না, নাকি আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে—সেটিই দেখার বিষয়।
ম্যানচেস্টার সিটির মাঝমাঠে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন রদ্রি। তার সময়ে ক্লাবটি চারবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। পাশাপাশি ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগও ঘরে তুলেছে সিটি।
তবে রদ্রির সঙ্গে সিটির বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা। নতুন চুক্তিতে স্প্যানিশ এই মিডফিল্ডারের আগ্রহ কম বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে তাকে ঘিরে দলবদলের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
রদ্রি ক্লাব ছাড়লে তার জায়গায় চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার পরিকল্পনা করছে ম্যানচেস্টার সিটি। তবে ফার্নান্দেজকে পেতে বড় অঙ্কের অর্থ গুনতে হবে তাদের। চেলসি এই মিডফিল্ডারের মূল্য ১২০ মিলিয়ন পাউন্ড নির্ধারণ করেছে।
চেলসি আরও জানিয়েছে, শুক্রবার বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ১২০ মিলিয়ন পাউন্ড পরিশোধ করা হলে তবেই ফার্নান্দেজকে ছাড়ার বিষয়টি বিবেচনা করবে তারা।
এদিকে গ্রীষ্মের দলবদলে এরই মধ্যে ক্লাব রেকর্ড ১১৬ মিলিয়ন পাউন্ড ব্যয়ে এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে ফার্নান্দেজের জন্য চেলসির চাওয়া পুরো অর্থ পরিশোধ করা সিটির জন্য আর্থিকভাবে কঠিন হতে পারে। সে কারণে বিকল্প হিসেবে কম পারিশ্রমিকে চুক্তি সম্পন্ন করার চেষ্টা করতে পারে ইংলিশ ক্লাবটি।
মন্তব্য করুন