
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবার প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।
ভোটগ্রহণ শুরুর আগে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোট প্রদানের নিয়ম তুলে ধরেন। তিনি জানান, যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, সংসদেই তার নাম ঘোষণা করা হবে। ভোট প্রদান ও গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন বলেও জানান তিনি।
সিইসি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নির্বাচনি কর্তা হিসেবে দেওয়া স্বাগত বক্তব্যে তিনি জানান, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে এবং সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম নির্বাচনের ফল হিসেবে ঘোষণা করা হবে।
মন্তব্য করুন