
নিজস্ব প্রতিবেদক: সরকারি ছুটির কারণে নিয়ম অনুযায়ী বুধবার (২৬ আগস্ট) বন্ধ ছিল জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। কিন্তু একই দিনের কিছু টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। টিকিট হাতে জাদুঘরে পৌঁছে বন্ধ ফটক দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন অনেকে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির দিন রাজধানীর কলেজগেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান বেশ কয়েকজন দর্শনার্থী। তাদের অভিযোগ, অনলাইনে টিকিট কেনার সুযোগ থাকায় জাদুঘর খোলা থাকবে বলেই তারা ধারণা করেছিলেন। কিন্তু দূর-দূরান্ত থেকে এসে জানতে পারেন, ছুটির কারণে সেদিন প্রতিষ্ঠানটি বন্ধ।
যশোর থেকে পরিবার নিয়ে আসা এক দর্শনার্থী বলেন, জাদুঘর দেখানোর উদ্দেশ্যেই তারা এতটা পথ পাড়ি দিয়ে ঢাকায় এসেছেন। বিশেষ করে শিশুদের জাদুঘরটি দেখাতে না পারায় তাদের হতাশ হতে হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে আসা আরেক দর্শনার্থী জানান, জাদুঘর বন্ধ দেখে তারা বিস্মিত হয়েছেন। তার ভাষ্য, সরকারি ছুটির দিনে অনলাইনে টিকিট বিক্রি করা হলে দর্শনার্থীদের মধ্যে জাদুঘর খোলা থাকার স্বাভাবিক প্রত্যাশা তৈরি হয়। কিন্তু টিকিট কেনার পর সেখানে গিয়ে বন্ধ পাওয়ায় কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
পরিবারের সদস্যদের নিয়ে আসা আরেক দর্শনার্থী বলেন, অনেক দূর থেকে এসে তাদের সময়, অর্থ ও মানসিকভাবে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে। অনলাইনে টিকিট বিক্রির বিষয়টি আগে থেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হলে এমন পরিস্থিতি তৈরি হতো না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জাদুঘরের সামনে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যের কাছে টিকিট বিক্রি হওয়ার পরও প্রতিষ্ঠানটি বন্ধ থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ আগস্টের কেনা টিকিট পরবর্তী সময়ে ব্যবহার করা যাবে। তবে দূর-দূরান্ত থেকে যারা এসে ফিরে যাচ্ছেন, তাদের ভোগান্তির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারেননি। এ বিষয়ে জাদুঘর কর্তৃপক্ষই বিস্তারিত বলতে পারবে বলে জানান তিনি।
এদিকে পরিস্থিতি ব্যাখ্যা করে জাদুঘরের প্রধান ফটকে একটি নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে জানানো হয়েছে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৬ আগস্ট জাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল। তবে অনাকাঙ্ক্ষিত কারণে ওই দিনের কিছু টিকিট অনলাইনে বিক্রি হয়ে যায়। যারা ইতোমধ্যে ওই তারিখের টিকিট সংগ্রহ করেছেন, তারা পরবর্তী যেকোনো দিন একই টিকিট দেখিয়ে জাদুঘরে প্রবেশ করতে পারবেন। এ ঘটনায় দর্শনার্থীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
জাদুঘরের নিয়ম অনুযায়ী, বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি। শনিবার থেকে বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘর খোলা থাকে। শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিদর্শনের সুযোগ রয়েছে। পাশাপাশি সরকারি ছুটির দিনগুলোতেও জাদুঘর বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের শ্রেণিভেদে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য টিকিট ৫০ টাকা। ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে মূল্য ২০ টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য নির্ধারিত ফি ৫০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য জনপ্রতি ২ হাজার টাকা।
অনলাইন ই-টিকিটের পাশাপাশি সরাসরি নিবন্ধনের মাধ্যমেও জাদুঘরে প্রবেশের ব্যবস্থা রয়েছে। তবে সরকারি ছুটির দিনের টিকিট অনলাইনে বিক্রি হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজকের ভোগান্তি ভবিষ্যতে এড়াতে টিকিট ব্যবস্থাপনায় আরও সমন্বয় প্রয়োজন বলে মনে করছেন দর্শনার্থীরা।
মন্তব্য করুন