
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে দেশি মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীকে মৎস্য খাতের সঙ্গে আরও সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরা হয় পোনা অবমুক্তকরণ শেষে পাশের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাতীয় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি স্থানীয় বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামোগত বিষয় নিয়ে কথা বলেন অনুষ্ঠানে পাকুন্দিয়াবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মুনিয়ারিকান্দি ও গফরগাঁওয়ের দত্তেরবাজার সেতু নির্মাণে প্রকল্প নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান উপস্থিত ছিলেন এ ছাড়া অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে দেশি মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মৎস্য সম্পদের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন