নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালের লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ১২ দলের এই আসরে তিন ম্যাচ শেষে দুই জয় নিয়ে ৪ পয়েন্ট অর্জন করেছে টাইগ্রেসরা। বর্তমানে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের সমান ৪ পয়েন্ট রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকারও। তবে উন্নত নেট রান রেটের কারণে এই দুই দল টেবিলে এগিয়ে আছে। তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার সবচেয়ে সহজ পথ হলো বাকি দুই ম্যাচেই জয় পাওয়া। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই দুই ম্যাচে জিততে পারলে অন্য কোনো সমীকরণের প্রয়োজন হবে না, সরাসরি শেষ চারে উঠে যাবে নিগার সুলতানা জ্যোতির দল।
এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়াও সেমিফাইনাল নিশ্চিত করবে এবং ভারত ও দক্ষিণ আফ্রিকার বিদায় নিশ্চিত হবে।
তবে বাংলাদেশ যদি শেষ দুই ম্যাচের মধ্যে একটি জেতে, তাহলে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে যাবে। বিশেষ করে ভারতের বিপক্ষে হারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়া বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে ভারতের বিপক্ষে জিততে হবে।
সেক্ষেত্রে বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান ৬ হতে পারে। তখন সেমিফাইনালে কারা উঠবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নেট রান রেট।
ফলে বাংলাদেশের জন্য এখন প্রতিটি ম্যাচই অনেকটা নকআউটের মতো। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফলাফলই নির্ধারণ করবে টাইগ্রেসদের সেমিফাইনালের ভাগ্য।
বাংলাদেশ আজ (২৫ জুন) ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে মাঠে নামবে। এরপর ২৮ জুন লর্ডসে গ্রুপপর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। বিশ্বকাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে। আর ৫ জুলাই লর্ডসে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।