‘জীবনটা নিজের মতো করে উপভোগ করতে শিখেছি’ : মিমি
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। নিয়মিতই নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলের বাগানে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের দৃষ্টি কেড়েছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে একেবারে স্বাভাবিক ও মেকআপহীন রূপে দেখা গেছে, যা তার সহজাত সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে।
ছবির ক্যাপশনে মিমি লিখেছেন, “জীবনটা নিজের মতো করে নিতে হয়, এটা আমি শিখেছি। কে কী বলল বা কী করল, সেসব নিয়ে না ভেবে নিজের মতো আনন্দে থাকলে সবকিছুই ভালো হয়ে যায়। কারণ জীবন তো একটাই।”
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, সবুজে ঘেরা একটি সুন্দর ফল বাগানে সময় কাটাচ্ছেন তিনি। কালো স্লিভলেস টপস ও ট্রাউজার পরিহিত অবস্থায় গাছের জামরুল ছুঁয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।
আরেকটি ছবিতে সাদা টি-শার্ট পরে একগুচ্ছ কাঁচা লেবু চোখের সামনে ধরে সেলফি তুলতে দেখা যায় তাকে। এছাড়া বাগানের কাঠের রেলিং ও বাঁশের খুঁটির পাশে বসে থাকা তার প্রাণবন্ত ও স্বচ্ছন্দ মুহূর্তও ধরা পড়েছে অন্য একটি ছবিতে।