‘রইদ’-এর সঙ্গে ফিরছে ‘হাওয়া’, স্টার সিনেপ্লেক্সে সুমনের দুই ছবি
নির্মাতা মেজবাউর রহমান সুমনের জন্য সময়টা যেন বেশ ভালোই যাচ্ছে। ঈদে মুক্তির পর থেকেই তার নতুন চলচ্চিত্র ‘রইদ’ দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। দেশ-বিদেশে আলোচনায় থাকা ছবিটির সাফল্যের মধ্যেই এলো আরেকটি সুখবর।
আগামী শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় একসঙ্গে প্রদর্শিত হবে সুমনের দুটি চলচ্চিত্র—‘রইদ’ ও ‘হাওয়া’। ফলে দর্শকরা একই সময়ে নির্মাতার বহুল প্রশংসিত দুটি কাজ উপভোগ করার সুযোগ পাবেন।
গত সপ্তাহে স্টার সিনেপ্লেক্স তাদের ‘সামার ফেস্ট’ আয়োজন শুরু করে। এর অংশ হিসেবে দর্শকপ্রিয় কয়েকটি পুরোনো সিনেমা আবারও বড় পর্দায় ফিরিয়ে আনা হয়েছে। এ সপ্তাহে উৎসবে থাকছে ‘হাওয়া’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জংলি’। পাশাপাশি ঈদে মুক্তিপ্রাপ্ত নতুন ছবিগুলোর প্রদর্শনীও চলবে।
বিষয়টি নিশ্চিত করে নিজের ফেসবুক পোস্টে মেজবাউর রহমান সুমন লিখেছেন, “এই শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে চলবে ‘রইদ’ ও ‘হাওয়া’। প্রাণ ভরে হাওয়া নিয়ে রইদে এসে গা জুড়ান।”
দুটি ছবিরই কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। ‘হাওয়া’য় তার সঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল ও শরীফুল রাজ। অন্যদিকে ‘রইদ’-এ তুষির সহশিল্পী হিসেবে রয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।
প্রসঙ্গত, ২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া’ ছিল মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র। সিনেমাটি দেশে ও দেশের বাইরে ব্যাপক সাফল্য অর্জন করে এবং বাংলা চলচ্চিত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। সেই সফলতার ধারাবাহিকতায় এবার ‘রইদ’ও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।