কুমিল্লার দাউদকান্দির আবাসিক হোটেলে র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ র্যাব প্রেসরিলিজে জানায়, শনিবার (২০ জুন) ভোর ৫টায় র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতান্দী বলদাখাল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন বৈশাখী আবাসিক হোটেলের ৩য় তলার ৩০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মেহেদী হাসান (২৯)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রহমতপুর টাকই এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে। র্যাব জানায়, অভিযানের সময় মেহেদী হাসানের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। র্যাব জানায়,গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। র্যাব-১১ জানায়, মাদকদ্রব্য নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। র্যাব আরও জানায়,এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।