রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেল প্রায় পৌনে ৩টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। একই বিষয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এ ছাড়া সফরে অংশ নিয়েছেন মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর।
সফরসূচি অনুযায়ী, ২১ ও ২২ জুন তিনি মালয়েশিয়ায় অবস্থান করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফর করবেন। সফর শেষে আগামী ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে তার।
সংশ্লিষ্ট মহল এই সফরকে ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের সম্ভাবনাময় পদক্ষেপ হিসেবে দেখছে।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, মালয়েশিয়া সফরকালে প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসবেন। আলোচনায় শ্রমবাজার সম্প্রসারণ, বাংলাদেশি কর্মী নিয়োগ, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের বিষয়গুলো গুরুত্ব পাবে।
অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রায় ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা (অ্যাকশন প্ল্যান) এবং একটি প্রটোকল অন্তর্ভুক্ত রয়েছে।