ফিফা বিশ্বকাপ ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ ও যানবাহন চলাচলে নতুন বিধিনিষেধ
ফিফা বিশ্বকাপ-২০২৬কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে বহিরাগতদের প্রবেশ এবং অনুমোদনহীন যানবাহনের চলাচলের ওপর বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।বুধবার (২৪ জুন) প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বকাপ চলাকালে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ সীমিত রাখা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্টিকার ছাড়া অন্যান্য যানবাহনের প্রবেশও নিয়ন্ত্রিত থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় এবং নীলক্ষেতসহ বিভিন্ন প্রবেশপথ দিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবার যানবাহন প্রবেশ করতে পারবে। জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সংবাদমাধ্যমের গাড়ি, রাইড-শেয়ারিং সেবা, খাদ্য সরবরাহকারী যানবাহন, অনলাইন ডেলিভারি সেবা এবং সরকারি গাড়ি অন্তর্ভুক্ত থাকবে। তবে গণপরিবহন ও ভারী যানবাহনের ক্ষেত্রে বিদ্যমান নিয়ন্ত্রণ ব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ এবং পরিস্থিতির বাস্তবতার আলোকে এই সিদ্ধান্ত প্রয়োজন অনুযায়ী পুনর্বিবেচনা বা পরিবর্তন করা হতে পারে।