ইসলামবিদ্বেষী মন্তব্য করে কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা
কানাডার ভিক্টোরিয়া শহরে বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে ইসলামোফোবিয়া বা মুসলিমবিদ্বেষপ্রসূত হামলা হিসেবে আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)।
রোববার (২১ জুন) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ পরিচালনা শেষে নিজের গাড়িতে অবস্থান করছিলেন ইমাম শেখ ইব্রাহিম। এ সময় এক ব্যক্তি জোর করে গাড়ির দরজা খুলে তাকে শারীরিকভাবে আক্রমণ করে।
এনসিসিএমের বিবৃতিতে বলা হয়, হামলার সময় ওই ব্যক্তি ইসলামবিদ্বেষী গালাগাল করেন এবং ইমামকে ‘নিজের দেশে ফিরে যেতে’ বলে চিৎকার করতে থাকেন। সংগঠনটি জানায়, ঘটনার পর গত ৪৮ ঘণ্টা ধরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে, যাতে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়।
বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, একজন সম্মানিত ধর্মীয় নেতার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সমাজে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়ার উদ্বেগজনক চিত্র তুলে ধরে।
এনসিসিএম আরও উল্লেখ করে, মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের ঘৃণাজনিত অপরাধ প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক নেতাদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, হামলাটি ঘৃণাপ্রসূত অপরাধ ছিল কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করতে হবে এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তবে এখন পর্যন্ত ইমাম শেখ ইব্রাহিমের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য কিংবা সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।