বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের প্রতি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগ্রহ দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবার দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
আসন্ন আসরের জন্য সরাসরি চুক্তির মাধ্যমে রিশাদকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামবেন বাংলাদেশি এই স্পিনার।
রিশাদের নতুন দলে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। একই সঙ্গে দলটি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে অন্তর্ভুক্ত করেছে।
রিশাদ মাঠে নামতে পারলে এসএ টোয়েন্টিতে খেলতে যাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নতুন ইতিহাস গড়বেন। এর আগে তাইজুল ইসলাম এই লিগে দল পেলেও শেষ পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি।
এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন রিশাদ। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিও।
এসএ টোয়েন্টির আগামী মৌসুম শুরু হবে ৯ জানুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। একই সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকায় খেলতে গেলে আগের মৌসুমের মতো এবারও বিপিএলে রিশাদকে দেখা নাও যেতে পারে। সর্বশেষ আসরেও তিনি বিপিএলের পরিবর্তে বিগ ব্যাশে অংশ নিয়েছিলেন।