রোমান্টিক ছবি শেয়ার করে নতুন বার্তা দিলেন দেব-শুভশ্রী, এলো নতুন সুখবর
টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী আবারও আলোচনায়। ‘ধুমকেতু’ ছবির ট্রেলার প্রকাশের এক বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক রোমান্টিক ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন তারা।
দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর ‘ধুমকেতু’র ট্রেলার প্রকাশ ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। ২০১৫ সালে নির্মিত হলেও নানা জটিলতার কারণে ছবিটির মুক্তি দীর্ঘদিন আটকে ছিল। অবশেষে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ট্রেলার প্রকাশ করা হয়, যা বাংলা চলচ্চিত্রপ্রেমীদের কাছে স্মরণীয় একটি আয়োজন হিসেবে আলোচিত হয়।
সেই মুহূর্তের স্মৃতিচারণ করে দেব নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, এক বছর আগে ‘ধুমকেতু’র ট্রেলার উন্মোচন শুধু একটি অনুষ্ঠান ছিল না, বরং বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম বড় আয়োজন হয়ে উঠেছিল। অনুষ্ঠানটি সফল করতে দর্শক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
দেব আরও বলেন, ‘দেব-শুভশ্রী’ জুটির প্রতি দর্শকদের ভালোবাসা এখনও অটুট রয়েছে। এই ভালোবাসা ও আস্থার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও দর্শকদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলীও একই ধরনের পোস্ট শেয়ার করে সেই বিশেষ দিনের স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
স্মৃতিচারণের পাশাপাশি ভক্তদের জন্য নতুন সুখবরও দিয়েছেন দেব। তিনি জানিয়েছেন, ‘ধুমকেতু’র পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। ‘দেশু ৭’ নামের নতুন এই প্রকল্পে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করবেন দেব।
নতুন ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ইতোমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে এবং নির্মাণকাজ এগিয়ে চলছে। দর্শকদের প্রত্যাশা, বহু প্রতীক্ষিত এই জুটির নতুন কাজও আগের মতোই সাড়া ফেলবে।