আর্জেন্টিনার প্রতি সমর্থনের কারণ জানালেন নেতানিয়াহু
বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের পছন্দের দলের নাম প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, চলতি আসরে তার সমর্থন রয়েছে আর্জেন্টিনার প্রতি। তবে এই সমর্থনের পেছনে শুধু ফুটবল নয়, রাজনৈতিক সম্পর্কও একটি গুরুত্বপূর্ণ কারণ বলে উল্লেখ করেন তিনি।
সম্প্রতি মোজো পডকাস্টে আলাপকালে নেতানিয়াহু বলেন, এবারের বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার ম্যাচগুলো নিয়মিত অনুসরণ করছেন। উপস্থাপক যখন লিওনেল মেসির প্রসঙ্গ তোলেন, তখন নেতানিয়াহু প্রথমেই আর্জেন্টিনাকে সমর্থনের পেছনে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের ভূমিকার কথা তুলে ধরেন।
তার ভাষায়, হাভিয়ের মিলেই ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বস্ত সহযোগীদের একজন। একই সঙ্গে তিনি দাবি করেন, মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক নীতির মাধ্যমে মিলেই আর্জেন্টিনার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করছেন, যা তার দৃষ্টিতে প্রশংসার যোগ্য।
আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে মুখ খুললেন মারিও কেম্পেস, দিলেন কড়া জবাব
নেতানিয়াহু আরও বলেন, অর্থনীতি নিয়ে মিলেইয়ের সঙ্গে আলোচনা করতে তিনি সবসময় আগ্রহী। বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে নিয়মিত মতবিনিময় হয় বলেও উল্লেখ করেন তিনি।
তবে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল সামর্থ্যেরও প্রশংসা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, দল হিসেবে আর্জেন্টিনা অত্যন্ত শক্তিশালী এবং তাদের দলে একজন ব্যতিক্রমী অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। যদিও তিনি নাম উল্লেখ করেননি, তবে তার মন্তব্যটি যে লিওনেল মেসিকে ঘিরেই ছিল, তা স্পষ্টভাবে বোঝা যায়।
আলোচনার একপর্যায়ে উপস্থাপক স্মরণ করিয়ে দেন, মেসি প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলছেন। এরপর নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গে মেসির ক্যারিয়ারের কোনো মিল তিনি খুঁজে পান কি না।
জবাবে নেতানিয়াহু অতীতের একটি ঘটনার কথা তুলে ধরেন। তিনি জানান, মেসি একবার একটি ফুটবল ম্যাচ উপলক্ষে ইসরায়েল সফরে গেলে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল। সেই স্মৃতির কথাও তিনি পডকাস্টে ভাগ করে নেন।