দেশীয় সুতা দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে প্রণোদনা বেড়ে ৫ শতাংশ
দেশীয় সুতা ও কাপড় ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিকারকদের জন্য নগদ সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সরকার। দেশের স্পিনিং ও টেক্সটাইল শিল্পকে আরও শক্তিশালী করতে এ খাতে প্রণোদনা ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে জানানো হয়, রপ্তানিমুখী দেশীয় বস্ত্রশিল্পের জন্য শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে যে নগদ সহায়তা দেওয়া হয়, তার হার এখন থেকে ৫ শতাংশ হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এ সুবিধা পেতে রপ্তানিকারকদের স্থানীয় উৎস থেকে সুতা বা কাপড় সংগ্রহের প্রমাণপত্র জমা দিতে হবে। বিজিএমইএ, বিকেএমইএ অথবা সংশ্লিষ্ট অন্য কোনো স্বীকৃত সংগঠনের সদস্য রপ্তানিকারকেরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই প্রণোদনা গ্রহণ করতে পারবেন।
সরকার জানিয়েছে, সংশোধিত নগদ সহায়তার হার চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে বিবেচিত হবে।
শিল্পসংশ্লিষ্টদের মতে, প্রণোদনার পরিমাণ বাড়ানোর ফলে তৈরি পোশাক উৎপাদনে দেশীয় সুতা ও কাপড় ব্যবহারের প্রবণতা বাড়বে। এতে স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল খাতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আমদানিনির্ভরতা কমবে।
এ ছাড়া নতুন এ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা করছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা।