গ্রেফতার ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন ববি
প্রতারণার বিভিন্ন অভিযোগে গ্রেফতার হওয়া বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। তার দাবি, তাকে নিয়ে প্রকাশিত কিছু সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
শনিবার (২১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ববি বলেন, মির্জা আবুল বাশারকে নিয়ে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে তাকে ‘কথিত স্ত্রী’ কিংবা ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সত্য নয়।
পোস্টে তিনি লেখেন, “শনিবার বিকেল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করা হচ্ছে। কোথাও আমাকে ‘কথিত স্ত্রী’, আবার কোথাও ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া।”
অভিনেত্রীর অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি ভিউ বাড়ানো এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের তথ্য প্রচার করছে। তবে দেশের মূলধারার গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি তার আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ববি বলেন, “ভিউ বাণিজ্য এবং আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এসব অপপ্রচার চালাচ্ছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর আমার পূর্ণ আস্থা আছে।”
একই সঙ্গে যারা তার সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে দর্শকরা আমাকে চেনেন। যদি আমি বিয়ের মতো পবিত্র সম্পর্কে আবদ্ধ হতাম, তাহলে সেটি আমি নিজেই সবার সামনে প্রকাশ করতাম। যারা ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল-আমিন হোসাইন জানান, চাকরির প্রলোভন, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির পশু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মির্জা আবুল বাশারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর গুলশান থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর তাকে গ্রেফতারের জন্য একাধিকবার অভিযান চালানো হলেও তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে গুলশান-১ এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দাবি, গ্রেফতার এড়াতে আবুল বাশার বাসার ভেতরে সুড়ঙ্গসদৃশ একটি গোপন স্থানে লুকিয়ে ছিলেন। প্রায় ১৮ ঘণ্টার অভিযান শেষে শনিবার দুপুরে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, ইয়ামিন হক ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে চলতি বছরের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তছনছ’ সিনেমায়। সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন মুন্না খান।