বিশ্বকাপজুড়ে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার নিয়ে তুমুল আলোচনা চলছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচে ভিএআরের কিছু সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। অনেকের অভিযোগ, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বাড়তি সুবিধা পাচ্ছে। তবে প্রকাশিত পরিসংখ্যান ভিন্ন চিত্র তুলে ধরছে।
গ্রুপ পর্ব থেকে শেষ ষোলো পর্যন্ত ম্যাচের তথ্য বিশ্লেষণ করে নর্থইস্টার্ন গ্লোবাল নিউজ ‘প্রতি ১০০ ফাউলে ভিএআর হস্তক্ষেপের হার’ শীর্ষক একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ভিএআরের ইতিবাচক সিদ্ধান্ত সবচেয়ে বেশি গেছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকোর পক্ষে। আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানে এবং পর্তুগাল তৃতীয়।
পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকোর পক্ষে ভিএআরের সিদ্ধান্ত গেছে ৭.৮ শতাংশ ক্ষেত্রে। উল্লেখযোগ্য বিষয় হলো, তাদের বিপক্ষে এই সময়ে কোনো সিদ্ধান্ত যায়নি।
দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পক্ষে ভিএআরের সিদ্ধান্ত গেছে ৬.৭ শতাংশ ক্ষেত্রে। তবে তাদের বিপক্ষেও কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও গ্রুপ পর্বে লিওনেল মেসিদের কোনো ম্যাচে ভিএআর হস্তক্ষেপ করেনি। রাউন্ড অব ৩২, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল থেকেই তাদের ম্যাচে এই প্রযুক্তির ব্যবহার দেখা যায়। ফলে শুধুমাত্র ভিএআরের সহায়তায় আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছে—এমন দাবির পক্ষে স্পষ্ট কোনো পরিসংখ্যানগত প্রমাণ পাওয়া যায় না।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পর্তুগাল। তাদের পক্ষে ভিএআরের সিদ্ধান্ত এসেছে ৪.৬ শতাংশ ক্ষেত্রে। এরপর রয়েছে নিউজিল্যান্ড (৪.২ শতাংশ) এবং সৌদি আরব (৩.৬ শতাংশ)। এই পাঁচ দলের কারও বিপক্ষে ভিএআরের সিদ্ধান্ত নথিভুক্ত হয়নি।
অন্যদিকে, ভিএআরের সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ক্রোয়েশিয়া। রাউন্ড অব ৩২-এ পর্তুগালের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে তাদের একটি গোল বাতিল হওয়ার ঘটনাটি ছিল সবচেয়ে আলোচিত। পরিসংখ্যান অনুযায়ী, ক্রোয়েশিয়ার বিপক্ষে ভিএআরের সিদ্ধান্ত গেছে ৬.৫ শতাংশ ক্ষেত্রে, অথচ তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত আসেনি।
ক্ষতিগ্রস্ত দলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। এরপর রয়েছে কাতার, জার্মানি ও ইংল্যান্ড। এই পাঁচ দলের ক্ষেত্রেও ভিএআরের পক্ষে কোনো সিদ্ধান্ত রেকর্ড করা হয়নি।
ভিএআরের সুবিধা পাওয়া শীর্ষ ৫ দল
| অবস্থান | দল | পক্ষে সিদ্ধান্ত | বিপক্ষে সিদ্ধান্ত |
|---|---|---|---|
| ১ | মেক্সিকো | ৭.৮% | ০.০% |
| ২ | আর্জেন্টিনা | ৬.৭% | ০.০% |
| ৩ | পর্তুগাল | ৪.৬% | ০.০% |
| ৪ | নিউজিল্যান্ড | ৪.২% | ০.০% |
| ৫ | সৌদি আরব | ৩.৬% | ০.০% |
ভিএআরের সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫ দল
| অবস্থান | দল | পক্ষে সিদ্ধান্ত | বিপক্ষে সিদ্ধান্ত |
|---|---|---|---|
| ১ | ক্রোয়েশিয়া | ০.০% | ৬.৫% |
| ২ | ইরান | ০.০% | ৫.৪% |
| ৩ | কাতার | ০.০% | ৫.১% |
| ৪ | জার্মানি | ০.০% | ৪.০% |
| ৫ | ইংল্যান্ড | ০.০% | ৩.৫% |
এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, ভিএআর নিয়ে বিতর্ক থাকলেও সুবিধাভোগী দলের তালিকায় আর্জেন্টিনা শীর্ষে নয়। একইভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলের তালিকায়ও নেই তারা। ফলে ভিএআর নিয়ে আলোচনায় বাস্তব পরিসংখ্যানকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাই সামনে এসেছে।