খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, অব্যয়িত সরকারি অর্থ কোষাগারে ফেরত: স্বচ্ছতায় প্রশংসিত সালথার ইউএনও
সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাশ্রয়ী ব্যয়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুরের সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যয় শেষে অব্যয়িত সরকারি অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওতায় সালথা উপজেলার আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি খালের মোট ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার পুনঃখননের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের কাজ সফলভাবে শেষ হওয়ার পর শ্রমিকদের মজুরি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় পরিশোধ করে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
প্রকল্পটির উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা জানান, ইউএনও দবির উদ্দিন শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্পের প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করেছেন। কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে তিনি নিয়মিত প্রকল্প এলাকা পরিদর্শন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। ফলে নির্ধারিত মান বজায় রেখেই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
স্থানীয়দের মতে, সরকারি অর্থের সঠিক ব্যবহার ও প্রশাসনের দায়িত্বশীল তদারকির কারণে সালথার এই প্রকল্পটি অন্য এলাকার জন্যও অনুসরণযোগ্য উদাহরণ হয়ে উঠেছে। তারা মনে করেন, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে সরকারি অর্থের অপচয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “সরকারি অর্থ জনগণের সম্পদ। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাশ্রয় নিশ্চিত করা আমাদের দায়িত্ব। প্রয়োজনীয় ব্যয় শেষে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। ভবিষ্যতেও একই সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাব।”