শ্রীপুরে ছাত্রশিবিরের ‘১০০ মাঠ ১০০ ফুটবল’ কর্মসূচির উদ্বোধন
(গাজীপুর) প্রতিনিধি: তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি এবং মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে “১০০ মাঠ ১০০ ফুটবল” বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় শ্রীপুর উপজেলার ৮৪ নম্বর কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ সূচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সেক্রেটারি বায়জিদ মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর পৌরসভা শাখার সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন এবং সমাজকল্যাণ সেক্রেটারি আখতারুজ্জামান মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির শ্রীপুর পৌরসভা শাখার সভাপতি রিয়াদ হাসান, ছাত্রশিবির গাজীপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. সফর আলীসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও মাঠের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলামুখী করে গড়ে তোলা, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা এবং মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও সুশৃঙ্খল জীবনধারায় অভ্যস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে এবং একটি সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।