উৎসর্গ মেসিকে: মিরপুরে উন্মোচিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্যান-নির্মিত আর্জেন্টিনা জার্সি
রাজধানীর মিরপুরে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্যান-নির্মিত আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে নির্মিত এই বিশাল জার্সিটি মঙ্গলবার (১৭ জুন) দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। ঢাকা ক্যান্টনমেন্টের কাছে মিরপুর-১৪ এলাকার ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন স্থানে জার্সিটি প্রদর্শন করা হচ্ছে। আয়োজকদের ভাষ্য, এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ফ্যান-নির্মিত আর্জেন্টিনা জার্সি। মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির অনুকরণে তৈরি করা এই বিশেষ উদ্যোগের মাধ্যমে আর্জেন্টাইন অধিনায়কের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করা হয়েছে। আয়োজকদের মতে, ২০২৬ বিশ্বকাপই মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে—এমন সম্ভাবনাকে সামনে রেখে তার বর্ণাঢ্য ফুটবলজীবন এবং বাংলাদেশের অসংখ্য আর্জেন্টিনা সমর্থকের আবেগের প্রতীক হিসেবে জার্সিটি তৈরি করা হয়েছে। জার্সিটি উন্মোচনের পর থেকেই সেখানে ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। অনেক দর্শনার্থী জার্সির সামনে ছবি তুলে স্মৃতিময় মুহূর্ত ধারণ করছেন। এ ছাড়া জার্সি নির্মাণের পুরো প্রক্রিয়া এবং এর পেছনের গল্প নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রকাশ করেছেন আয়োজকরা। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি সমর্থকদের দীর্ঘদিনের ভালোবাসা ও উচ্ছ্বাসের নতুন প্রকাশ হিসেবে এই উদ্যোগকে দেখছেন সংশ্লিষ্টরা।