‘টাকা দিয়ে পুরস্কারও কিনে নিতে পারব’ ট্রলের জবাবে বিস্ফোরক আলিয়া,
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে নেপোটিজম বিতর্ক যেন থামছেই না। ক্যারিয়ারের শুরু থেকেই ‘নেপোকিড’ তকমা নিয়ে সমালোচনার মুখে থাকা এই অভিনেত্রী এবার নতুন করে আলোচনায় এসেছেন তার সাম্প্রতিক মন্তব্যের কারণে।
সম্প্রতি মুক্তি পাওয়া আলিয়ার নতুন সিনেমা ‘আলফা’ প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেক নেটিজেনের দাবি, অ্যাকশনধর্মী এই চরিত্রে আলিয়াকে মানায়নি। তাদের মতে, এই ধরনের ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া বা দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীদের নেওয়া হলে তা আরও উপযুক্ত হতো।
বারবার সমালোচনার মুখোমুখি হলেও এতদিন বিষয়গুলোকে এড়িয়ে গেছেন আলিয়া। তবে এবার তিনি সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে সমালোচকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমার সিনেমাকে ফ্লপ বলে বিচার করার তোমরা কে? আমি চাইলে টাকা দিয়ে পুরস্কারও কিনে নিতে পারব। তখন তোমাদের কী হবে?’
একই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি তো ‘তুম্বড় ২’-এ অভিনয়ের সুযোগ পেয়েছি, তোমরা কী পেয়েছ? কোনো নারীর সাফল্য তোমাদের সহ্য হয় না? করণ জোহর আমার পাশে আছেন। আমাকে ক্ষতি করার ক্ষমতা কারও নেই।’
আলিয়ার এই মন্তব্য প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন বিতর্কের জন্ম দেয়। কেউ তার বক্তব্যকে আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার অনেকেই এটিকে অহংকারপূর্ণ মন্তব্য বলে সমালোচনা করছেন।
বলিউড-সংশ্লিষ্টদের একাংশের ধারণা, দীর্ঘদিন ধরে চলতে থাকা ব্যক্তিগত আক্রমণ, নেপোটিজম বিতর্ক এবং নতুন সিনেমাকে ঘিরে নেতিবাচক প্রতিক্রিয়ার চাপ থেকেই এবার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন আলিয়া ভাট।