সাবেক ছাত্রীর বিরুদ্ধে জিডি করল মাইলস্টোন কলেজ
মাইলস্টোন কলেজের সাবেক এক ছাত্রীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ।
অভিযুক্ত ছাত্রীর নাম রুবাইয়া মেহজাবিন সুহি। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকার তুরাগ থানায় জিডিটি দায়ের করা হয়। কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে জিডির আবেদন করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের (ইংরেজি মাধ্যম) শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে বর্তমানে তিনি কলেজটির শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারের কোনো অধিকার তার নেই বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুবাইয়া মেহজাবিন সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে অংশ নিতে দেখা যায়। ভিডিওতে তাকে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের দাবি, সাবেক শিক্ষার্থী হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয়পত্র ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তারা অভিযোগ করেছেন।
এ বিষয়ে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম রানা জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।