মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বাধ্যতামূলক নয়, গুঞ্জন উড়িয়ে দিল বিআরটিএ
মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বাধ্যতামূলক করা হচ্ছে—এমন দাবিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রোববার (২ আগস্ট) বিআরটিএ ইত্তেফাক ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করে জানায়, মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানো বাধ্যতামূলক করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এ-সংক্রান্ত কোনো প্রজ্ঞাপনও জারি করা হয়নি।
এর আগে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং এআই-নির্ভর ট্রাফিক ক্যামেরায় মোটরসাইকেল শনাক্তকরণ সহজ করতে সামনের দিকেও নম্বর প্লেট সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে বিআরটিএ জানিয়েছে, এ ধরনের তথ্যের কোনো সরকারি ভিত্তি নেই। সংস্থাটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ফলে মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করা হয়েছে—এমন প্রচারিত খবরটি বিভ্রান্তিকর এবং বর্তমানে এ বিষয়ে কোনো কার্যকর সরকারি সিদ্ধান্ত নেই।