প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে ‘আমার রাজ্যে তুমি’
বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার প্রথমবারের মতো পর্দা ভাগ করে নিয়েছেন নবীন অভিনেত্রী মালাইকা চৌধুরীর সঙ্গে। ‘আমার রাজ্যে তুমি’ শিরোনামের নতুন নাটকে এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখতে পাবেন দর্শক।
নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। ভালোবাসা, ভাগ্য এবং সম্পর্কের নানা উত্থান-পতনকে কেন্দ্র করে নির্মিত এই গল্পে তৌসিফ ও মালাইকার পাশাপাশি অভিনয় করেছেন কেয়া পায়েলও। নাটকটি শিগগিরই ক্যাপিটাল ড্রামা-র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
নির্মাতা মাসরিকুল আলম জানান, নাটকটি এমন কিছু মানুষের গল্প, যারা পরস্পরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত এবং ভাগ্যের কারণে এক হতে পারে না। সম্পর্কের জটিলতা এবং সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানুষের মানসিক অবস্থার প্রতিফলনই এই নাটকের মূল বিষয়।
তিনি বলেন, দর্শক যেন শুধু একটি প্রেমের গল্পই না দেখেন, বরং সম্পর্কের ভাঙাগড়ার পর মানুষের ভেতরে কী ধরনের পরিবর্তন ঘটে, সেটিও অনুভব করতে পারেন—সেই লক্ষ্য নিয়েই নাটকটি নির্মাণ করা হয়েছে। তার বিশ্বাস, নাটকের চরিত্রগুলো দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।
অভিনেতা তৌসিফ মাহবুবও নাটকটি নিয়ে আশাবাদী। তার ভাষ্য, গল্পের আবহ অনেকের কাছে পরিচিত মনে হলেও উপস্থাপনায় রয়েছে নতুনত্ব। একই সঙ্গে মালাইকা চৌধুরীর সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতাও ছিল ইতিবাচক। নতুন এই জুটির রসায়ন দর্শকদের ভালো লাগবে বলেই প্রত্যাশা তার।
অন্যদিকে, বড় বোন মেহজাবীন চৌধুরীর পথ অনুসরণ করে অভিনয়জগতে যাত্রা শুরু করা মালাইকা চৌধুরীর জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। নতুন এই জুটিকে নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে ‘আমার রাজ্যে তুমি’।