জন্মদিনে ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বলে শুভেচ্ছায় ভাসালেন পূর্ণিমা
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এবং ছোট ও বড় পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার আন্তরিক সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। ভাবনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে তাকে ‘বিরল প্রতিভা’ হিসেবে উল্লেখ করেছেন পূর্ণিমা।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় বোন আশনা হাবিব ভাবনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। বিরল প্রতিভা, মার্জিত সৌন্দর্য এবং সুন্দর একটি মনের অনন্য সমন্বয় তুমি। তোমার আবেগ, নিষ্ঠা ও আন্তরিকতা চারপাশের মানুষকে অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিকে তোমার আরও অনেক কিছু দেওয়ার আছে।’
শুধু শুভেচ্ছা জানিয়ে থেমে থাকেননি এই চিত্রনায়িকা। ভাবনার সুস্বাস্থ্য, সুখ, সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি আরও লেখেন, ‘তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হোক। তুমি আরও আলোকিত হও এবং নিজের লক্ষ্য অর্জন করো। আবারও জন্মদিনের শুভেচ্ছা। এভাবেই সবার মাঝে নিজের আলো ছড়িয়ে যাও।’
পূর্ণিমার এমন ভালোবাসাপূর্ণ বার্তার জবাব দিতে দেরি করেননি আশনা হাবিব ভাবনাও। পোস্টের মন্তব্যে আবেগ প্রকাশ করে তিনি লেখেন, ‘আপুউউউ… আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার প্রতিটি কথা আমার কাছে অনেক মূল্যবান, কারণ তুমি আমাদের হৃদয়ের রানী।’
দুই তারকার এই আন্তরিক কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদেরও নজর কেড়েছে। তাদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্বের প্রকাশ দেখে অনুরাগীরা মন্তব্যের ঘরে শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। অনেকেই বলছেন, শোবিজ অঙ্গনের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অন্যদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ।