বর্ষাকে ঘিরে কোক স্টুডিও বাংলার নতুন চমক, আজ প্রকাশ পাচ্ছে ‘মেঘ’
বর্ষার আবহকে সামনে রেখে নতুন একটি সংগীত আয়োজন নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসছে কোক স্টুডিও বাংলা। সিজন ৪-এর নতুন গান ‘মেঘ’ আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রকাশ করা হবে।
এই গানে বর্ষার অনুভূতিকে কেন্দ্র করে বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের সঙ্গে আধুনিক সংগীতের সংমিশ্রণ ঘটানো হয়েছে। জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব যৌথভাবে এ আয়োজনের নেতৃত্ব দিয়েছেন।
বর্ষাকালের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ‘মেঘ’। গানের কথায় ও সুরে উঠে এসেছে বৃষ্টির অপেক্ষা, নতুন সম্ভাবনার আহ্বান এবং জীবনের নবজাগরণের আবহ।
গানটির আরেকটি বিশেষ দিক হলো বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে সমকালীন উপস্থাপনার মাধ্যমে নতুনভাবে তুলে ধরা। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ভাবনা থেকে অনুপ্রেরণা নিয়ে এতে যুক্ত করা হয়েছে আধুনিক স্পোকেন ওয়ার্ড। পাশাপাশি শাস্ত্রীয় সুর, আধুনিক সংগীতায়োজন ও সমসাময়িক কণ্ঠশৈলীর সমন্বয় গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
‘মেঘ’ গানে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব এবং মৌসুমি। শাস্ত্রীয় ও আধুনিক সংগীতের সমন্বয়ে নির্মিত এই প্রযোজনা কোক স্টুডিও বাংলার দেশীয় সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
বাংলা সাহিত্য ও সংগীতে বর্ষা সবসময়ই এক অনন্য অনুপ্রেরণার প্রতীক। সেই চিরচেনা আবহকে সমকালীন সংগীতের ভাষায় নতুন রূপে উপস্থাপন করেছে ‘মেঘ’। গানটি আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা ও শোনা যাবে।