ফেরদৌসের জন্মদিনে শুভেচ্ছা জানালেন নিপুণ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ফেরদৌস আহমেদের ৫২তম জন্মদিন আজ। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার।রোববার (৭ জুন) ফেরদৌসের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে নিপুণ তাদের দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক ও স্মৃতির কথা তুলে ধরেন। তিনি জানান, ফেরদৌসের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করার অভিজ্ঞতা তার অভিনয়জীবনের অন্যতম মূল্যবান স্মৃতি। পোস্টে নিপুণ আরও উল্লেখ করেন, অভিনয়ের পাশাপাশি ফেরদৌস রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী একজন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। জন্মদিন উপলক্ষে ফেরদৌসের সুস্বাস্থ্য, সুখ এবং দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা বার্তা দেন নিপুণ। এদিকে নিপুণের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফেরদৌসকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তার দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা ধরনের আগ্রহ ও কৌতূহল দেখা গেছে। উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ফেরদৌস আহমেদকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।