নোয়াখালীতে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলাতে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ আওতায় দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮জুন) সকাল ১১টায় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা’র সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়।
‘মা ইলিশ রক্ষা করি, ইলিশের বংশবৃদ্ধি করি’— এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা হারুনুর রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তরের
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল, সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়জুর রহমান, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা’র মৎস্য কর্মকর্তা শহীদুল আলম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপ-সহকারী মৎস্য অফিসার মোঃ আবদুল হালিম চৌধুরী।
সেমিনারে অথিতিবৃন্দ দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং রূপালী ইলিশের উৎপাদন বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন। জাতীয় অর্থনীতিতে ইলিশের অবদান বাড়াতে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) না ধরার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে নদী ও জলাশয়ে ক্ষতিকর ‘কারেন্ট জাল’ ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার এবং জাটকা সংরক্ষণে জেলেদের সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। শুধুমাত্র আইন প্রয়োগ বা প্রশাসনের কঠোরতা দিয়ে ইলিশ রক্ষা করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মাঠ পর্যায়ের জেলে ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সচেতনতা। তিনি মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সফল মাছ চাষী এবং মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
মোহাম্মদ দেলোয়ার হোসেন
নোয়াখালী।