‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি’ — স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব
টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো। সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের পাশাপাশি এবার রাজপথেও নেমেছেন পরীক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’, ‘আমি কে, তুমি কে—ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ এবং ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন। একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও এইচএসসি পরীক্ষার্থীরা একই দাবিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
এর আগে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওটিতে একজন পরীক্ষার্থীর সঙ্গে কথোপকথনের সময় মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ সোমবার (১৩ জুলাই) রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার পর রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব ও মিরপুর এলাকাতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকার বাইরেও রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবরোধ ও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়।
তবে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বাইরে ঘোষিত সব কর্মসূচি বাস্তবে অনুষ্ঠিত হওয়ার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।