মোস্তফা জিকো: ‘মেসি সর্বকালের সেরাদের একজন, তবে আমার কাছে রোনালদোই সেরা’
বিশ্বকাপ থেকে মিশরের বিদায়ের পরও আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটি নিয়ে আলোচনা থামছে না। এবার সেই ম্যাচ নিয়েই নিজের মতামত জানিয়েছেন মিশরের উইঙ্গার মোস্তফা জিকো। তিনি লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিলেও ব্যক্তিগত পছন্দের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোকেই সবার ওপরে রেখেছেন। একই সঙ্গে ম্যাচ চলাকালে দীর্ঘ সময় মেসির প্রভাব অনুভব করেননি বলেও দাবি করেন তিনি।
শেষ ষোলোতে মিশরের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মিশর। পরে ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের গোলে দারুণ প্রত্যাবর্তন করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে দেওয়া এক সাক্ষাৎকারে জিকো বলেন, ‘আমার কাছে মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। তবে ব্যক্তিগতভাবে আমি ক্রিশ্চিয়ানো রোনালদোকেই এক নম্বরে রাখি। কারণ আমি রোনালদোর বড় ভক্ত, তাই বিষয়টি সেই দৃষ্টিকোণ থেকেই দেখি।’
মেসির পারফরম্যান্স প্রসঙ্গে জিকো আরও বলেন, ‘আমি যখন মাঠে ছিলাম, তখন বেশিরভাগ সময় মেসির উপস্থিতি অনুভব করিনি। গোল করার মুহূর্তে সে অবশ্যই দুর্দান্ত ছিল। কিন্তু প্রায় ৮০ মিনিট আমার মনে হয়নি আমরা মেসির বিপক্ষে খেলছি।’
তবে এই ম্যাচটি কেবল নাটকীয় ফলাফলের জন্য নয়, রেফারিং নিয়েও ব্যাপক বিতর্কের জন্ম দেয়। প্রথমার্ধে জিকোর করা আরও একটি গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর বাতিল করা হয়। বিল্ডআপে দূরের একটি ফাউলের কারণে গোলটি বাতিলের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে মিশর শিবির। এছাড়া পেনাল্টি বক্সে মোহাম্মদ সালাহ ফাউলের শিকার হলেও স্পটকিক না পাওয়ার ঘটনাও প্রশ্নের জন্ম দেয়।
ম্যাচ শেষে এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ম্যাচ পরিচালনায় ‘দ্বৈত মানদণ্ড’ অনুসরণ করা হয়েছে।
রেফারিং নিয়ে নিজের হতাশাও গোপন করেননি জিকো। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রেফারি নিরপেক্ষ ছিলেন না। শুরু থেকেই আমাদের সঙ্গে অবিচার হয়েছে। এমনকি ২-০ ব্যবধানেও আমরা নিজেদের নিরাপদ মনে করতে পারিনি। আমার কাছে মনে হয়েছে, পুরো পরিস্থিতি আমাদের বিপক্ষেই গেছে।’
অন্যদিকে, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। গোল, অ্যাসিস্ট, সফল ড্রিবল ও আক্রমণভাগে অবদানের বিভিন্ন পরিসংখ্যানে তিনি দলের শীর্ষে অবস্থান করছেন। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো তিনটি গোল করলেও পর্তুগাল শেষ ষোলো থেকেই স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।