ফুলবাড়ী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব। সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীম আখতার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সাইফুদ্দীন এমরান। এছাড়াও বক্তব্য দেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুহ. আমিনুল ইসলাম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আহসান হাবীব বলেন, “জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষাও তোমাদের ভবিষ্যৎ গঠনের একটি বড় ধাপ। আত্মবিশ্বাস, সততা ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে তোমরা অবশ্যই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে। পরীক্ষার হলে সময়ের সঠিক ব্যবহার করবে, কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চিন্তাও করবে না। নিজেদের পাশাপাশি পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের সম্মান অক্ষুণ্ন রাখবে।”
তিনি আরও বলেন, “পরীক্ষার ফলাফলই জীবনের শেষ কথা নয়। একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই সবচেয়ে বড় অর্জন। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।”
বিশেষ অতিথি মো. সাইফুদ্দীন এমরান বলেন, “শিক্ষাজীবনের এই অধ্যায় শেষে তোমাদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে। সময়কে মূল্য দাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং ইতিবাচক মনোভাব নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো। সফলতার জন্য আত্মবিশ্বাসের পাশাপাশি নৈতিক মূল্যবোধও সমান গুরুত্বপূর্ণ।”
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষার শেষ মুহূর্তে অযথা চাপ না নিয়ে পরিকল্পিতভাবে পুনরাবৃত্তি করতে হবে। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় ব্যয় না করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়। অনেক শিক্ষার্থীর মধ্যেই বিদায়ের আবেগ লক্ষ করা যায়। শিক্ষকরাও তাঁদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শেষ পর্বে শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে পরীক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক এইচএসসি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল শৃঙ্খলাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত।##