বিশ্বকাপ ফাইনালের টিকিটে রেকর্ড দাম, ভিআইপি আসনের মূল্য প্রায় ৭৪ লাখ টাকা
বিশ্বকাপ ফাইনালের টিকিটে রেকর্ড দাম, ভিআইপি আসনের মূল্য প্রায় ৭৪ লাখ টাকা
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা যত বাড়ছে, ততই আকাশছোঁয়া হচ্ছে টিকিটের মূল্য। আসর শুরুর আগে টিকিটের দাম নিয়ে আলোচনা থাকলেও ফাইনালের আগে শেষ মুহূর্তে সেই মূল্য নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে বিভিন্ন ক্যাটাগরির টিকিট ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বিক্রি হচ্ছে।
শনিবার ফিফার অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মে গোলপোস্টের পেছনের গ্যালারির সবচেয়ে কম মূল্যের টিকিটের দাম ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকার সমান। তবে অল্প সময়ের মধ্যেই ওই ক্যাটাগরির সব টিকিট বিক্রি হয়ে যায়।
এরপর বাজারে সবচেয়ে কম দামের টিকিটের মূল্যও বেড়ে প্রায় ১০ হাজার ডলারে পৌঁছে যায়। স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের এসব টিকিট কিনতে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা ব্যয় করতে হচ্ছে।
মাঠের তুলনামূলক কাছাকাছি আসনের টিকিটের দাম উঠেছে প্রায় ১৬ হাজার মার্কিন ডলারে। অন্যদিকে, বিশেষ সুযোগ-সুবিধাসহ ভিআইপি বা হসপিটালিটি প্যাকেজের টিকিটের মূল্য পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকার সমান।
শুধু ফিফার অফিসিয়াল প্ল্যাটফর্ম নয়, পুনর্বিক্রয় ওয়েবসাইট সিটগিক ও স্টাবহাবেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। সেখানে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে। আর লোয়ার বোলের কিছু আসনের মূল্য ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠেছে।
এবারের বিশ্বকাপ ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ, ফুটবলের দুই প্রজন্মের দুই তারকা—লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল—প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে একে অপরের বিপক্ষে খেলতে যাচ্ছেন। একই সঙ্গে এটি বিশ্বকাপে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ বলেও অনেকের ধারণা, যা ম্যাচটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
আর্জেন্টিনা এই ম্যাচে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। পাশাপাশি ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার সুযোগও রয়েছে তাদের সামনে। সর্বশেষ ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে পরপর দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছিল।
অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্পেন। চলতি আসরে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি ইতোমধ্যে ৮টি গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্টও করেছেন। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।
উল্লেখ্য, গত মার্চে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে ফিনালিসিমা হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সেই ম্যাচটি বাতিল হয়ে যায়। ফলে বিশ্বকাপের ফাইনালেই শেষ পর্যন্ত মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি, যা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহকে আরও তীব্র করে তুলেছে।