বিশ্বকাপ শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ পর মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে উত্তর আফ্রিকার দল আলজেরিয়ার বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর, অধিনায়ক লিওনেল মেসি চোট কাটিয়ে আবারও শুরুর একাদশে ফিরতে যাচ্ছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। একই সঙ্গে গোলবারের নিচে দেখা যাবে এমিলিয়ানো মার্টিনেজকে। ডান হাতের আঙুলে চিড় ধরা পড়ায় তিনি প্রস্তুতি ম্যাচ এবং কয়েকটি অনুশীলনে অংশ নিতে পারেননি। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ ফিট এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত।
রক্ষণভাগে একটি জায়গা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ স্কালোনি। ডানদিকে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল খেলবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে মোলিনার সম্ভাবনাই বেশি। চোট থেকে সেরে দলে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরো এবং তাকে রক্ষণভাগে দেখা যাবে। তার সঙ্গে জুটি বাঁধতে পারেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি।
তবে বাঁ প্রান্তে কিছুটা সমস্যায় পড়েছে আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে কাফের চোটে পড়ায় নিকোলাস তাগলিয়াফিকো এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে ফাকুন্দো মেদিনাকে খেলানোর সম্ভাবনা রয়েছে।
মিডফিল্ডে আস্থা রাখা হচ্ছে পরিচিত ত্রয়ী রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ওপর। তাদের সামনে আক্রমণভাগকে সহায়তা করবেন থিয়াগো আলমাদা। আর ফরোয়ার্ড লাইনে মেসির সঙ্গী হিসেবে থাকবেন দারুণ ফর্মে থাকা লাওতারো মার্টিনেজ।
অন্যদিকে, গোড়ালির চোট কাটিয়ে ফিরলেও হুলিয়ান আলভারেজকে শুরুতে বেঞ্চে রাখার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের। ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকলে তাকে পরবর্তীতে মাঠে নামানো হতে পারে।