মালদ্বীপকে প্রিমিয়াম বাংলাদেশি আম উপহার দিল সরকার
বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে মালদ্বীপ সরকারকে প্রিমিয়াম মানের মৌসুমি বাংলাদেশি আম উপহার দিয়েছে বাংলাদেশ সরকার। এ উপলক্ষে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে এই শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন।
বুধবার (২৯ জুলাই) মালের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, দুই দেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতীক হিসেবেই এই উপহার প্রদান করা হয়েছে। এটি পারস্পরিক বন্ধুত্ব, শ্রদ্ধাবোধ এবং সহযোগিতার সম্পর্ককে আরও গভীর করার একটি কূটনৈতিক উদ্যোগ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরকারি সফরকে স্মরণীয় করে তুলতেই এই বিশেষ শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।
বাংলাদেশ হাইকমিশনের মতে, এ ধরনের আন্তরিক উদ্যোগ দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।