গৃহযুদ্ধের আশঙ্কা করছেন ৬০ শতাংশ ইসরায়েলি : জরিপে উদ্বেগজনক চিত্র
ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক এক জনমত জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ ইসরায়েলি মনে করছেন, ভবিষ্যতে দেশটি গৃহযুদ্ধের মতো ভয়াবহ সংঘাতের মুখোমুখি হতে পারে।
ইহুদি নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেউইশ পিপল পলিসি ইনস্টিটিউট পরিচালিত এই জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৭৯ শতাংশের মতে, সামাজিক দিক থেকে গত এক বছর তাদের জন্য অত্যন্ত নেতিবাচক ছিল। একই সঙ্গে প্রায় ৪৯ শতাংশ উত্তরদাতা নিজেদের ভবিষ্যৎ এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন।
জরিপে আরও উঠে এসেছে, ৫২ শতাংশ ইসরায়েলি নাগরিকের ধারণা, দেশটিতে আবারও রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটার ঝুঁকি রয়েছে। তাদের আশঙ্কা, বর্তমান প্রধানমন্ত্রী কিংবা অন্য কোনো শীর্ষ রাজনৈতিক নেতাও এমন হামলার লক্ষ্যবস্তু হতে পারেন।
গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান ইয়েদিদিয়া স্টার্ন বলেন, ইসরায়েলি সমাজ একদিকে সংকট মোকাবিলার সক্ষমতা ও আশাবাদের পরিচয় দিলেও অন্যদিকে অভ্যন্তরীণ বিভাজন ও রাজনৈতিক মেরুকরণ ক্রমেই গভীর হচ্ছে। তার মতে, নাগরিকদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এবং বিভক্তিই বর্তমানে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, সামাজিক সংহতি পুনর্গঠন, জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং জাতীয় ঐক্য জোরদারে দ্রুত একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
সূত্র: আল জাজিরা