ফের ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভয়াবহ দুটি ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ভেনেজুয়েলার উত্তর উপকূল। রিখটার স্কেলে সর্বশেষ কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৯। শনিবার (২৭ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবারের শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই পরিস্থিতির মধ্যেই নতুন করে ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে।
ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (ইএমএসসি) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভেনেজুয়েলার ভূমিকম্পে আতঙ্ক: ‘সবকিছু কাঁপছিল, ভবনের ভেতর থেকে আসছিল অদ্ভুত শব্দ’
তাৎক্ষণিকভাবে নতুন এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে রয়টার্স স্থানীয় বাসিন্দাদের বরাতে জানিয়েছে, শুক্রবার মারাকাই ও রাজধানী কারাকাসেও কম্পন অনুভূত হয়েছে। এর আগে বুধবার দেশটিতে যথাক্রমে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ধারণা করছে, প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ভেনেজুয়েলা সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। এছাড়া ১৭২ জনের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন এবং নিখোঁজের সংখ্যা ৫০ হাজার অতিক্রম করেছে।
এদিকে, শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কয়েকটি এলাকায় সাধারণ মানুষের প্রবেশ আপাতত সীমিত করা হবে।
সূত্র: আল জাজিরা