ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ তিনজন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় তিনজন কথিত মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার ১৫ জুন রাত ১ টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে রাকিবুল ইসলাম রাকিব পিতা: মৃত আবু নাছির, গ্রাম: শিবপুর, থানা: নবীনগর, নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৪৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, একই দিন ভোর ৫ টা ৩০ মিনিটে আখাউড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধরখার ইউনিয়নের হাসিমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বসতবাড়ি থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মোছা. আছমা আক্তার ও শাহজালাল খন্দকার নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আছমা আক্তারের স্বামী শাহজালাল খন্দকার এবং তাদের বিরুদ্ধে মাদক সংরক্ষণ ও কারবারের অভিযোগে আখাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।