শিশু নিবাসীদের প্রশিক্ষণের মাধ্যমে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা.এ জেড এম জাহিদ হোসেন।
শিশু উন্নয়ন কেন্দ্রের নিবাসী শিশুদের শারীরিক ও মানসিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করতে হবে। যাতে করে তারা স্বাভাবিক জীবন ফিরে সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। সেই লক্ষ্যে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ধারন ক্ষমতা বৃদ্ধি করা হবে। আগের চাইতে এই উন্নয়ন কেন্দ্রে শিশুদের সংখ্যা বাড়ায় সরকার এই পরিকল্পনা করেছেন বলে জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন। বৃহষ্পতিবার দুপুরে টঙ্গীর কলেজগেট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উন্নয়ন কেন্দ্রে নতুন ভবনের কাজের মান ও শিশুদের খাবারের মান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন সমাজ কল্যান মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন, মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ,গাজীপুর জেলা সমাজকল্যান অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান , শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) শাখার তত্ত্বাবধায়ক ইমরান খান প্রমূখ।