‘কনটেন্ট ক্রিয়েটরের’ হেনস্তার শিকার দুই বিদেশি পর্যটক: মামলার প্রধান আসামী গ্রেপ্তার
রাজশাহীর কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের হাতে দুই বিদেশি পর্যটক হেনস্তার শিকারের ঘটনায় মামলার অভিযুক্ত প্রধান আসামী মো. আকাশকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল সোয়া ৯টার দিকে লালপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. আকাশ রাজশাহীর বোয়ালিয়ার ঘোড়ামারার সিরোইল কলোনি, হোল্ডিং নং-০৪২৮-০০, রোড নং-০৩ নং গলির মো. সেলিমের ছেলে। লালপুর থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মে গ্রিন ভ্যালি পার্কে কথিত টিকটকার মোহাম্মদ সাধু নামীয় ব্যক্তি ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য মাঠ ভাড়া করেন। বেলা দেড়টার দিকে প্রায় ১০০/১২০ জন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ পার্কের নির্ধারিত স্থানে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠান শুরু করেন। এ সময় পার্কের ভিতরে ‘সন্ধ্যা মালতি’ নামক পিকনিক স্পটের পাশ দিয়ে অত্র পার্কে আগত রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুইজন বিদেশি নাগরিক যাওয়ার সময় ১০-১৫ জন টিকটকার তাদের পথরোধ করে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা প্রয়োগ করে এবং ভিডিও ধারণ করে। বিষয়টি জানতে পেরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমানসহ অন্যান্য কর্মচারীরা মিলে তাদের নিবৃত করেন। বিকেল ৫টার দিকে তারা অনুষ্ঠান শেষ করে চলে যায়। সামাজিক মাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, দুইজন বিদেশি নাগরিককে ১০-১৫ জন ব্যক্তি ইউ পর্ণস্টার, তুমি মিয়া খলিফার জামাই নাকি, তুমি রাজশাহীর সূর্যমুখী হোটেলে গেছিলাসহ বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলে তাদের হয়রানি করছে। এ বিষয়ে পার্কের ম্যানেজার বাদী হয়ে এজাহার দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িত (ভিডিও ধারণ ও ভাইরালকারী) থাকার অভিযোগে এ ঘটনায় গত ১০ মে ২০২৬ রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের মো. তমির উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (২৯) ও তানোর উপজেলার আড়াদিঘি গ্রামের মো. আয়েন উদ্দিনের ছেলে মো. রাসেল ইসলাম (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের তদন্তের মাধ্যমে চিহ্নিতকরনসহ গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পার্কের ম্যানেজার বাদী হয়ে এজাহার দায়ের করিলে লালপুর থানার মামলা নং-১৬, তাং-০৯/০৫/২৬, ধারা-১৪৩/৩৪১/৩৮৫/৫০০/ পেনাল কোডসহ সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৫(২)/২৭ রুজু হয়। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে লালপুর বাজার থেকে ওই মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।