ইউসুফ ফকির হত্যা: ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
ফরিদপুর প্রতিনিধি:
মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন প্রফেসর আবদুত তাওয়াব, এবি সিদ্দিকী মিতুল, অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, প্রিন্স আলী, মৃধা প্রিন্স আলী, নিহতের ভাই মোহাম্মদ নাজমুল বেপারী, স্ত্রী বেদানা বেগম এবং ছেলে শাহাদাত হোসেন। বক্তারা বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ইউসুফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।