রাস্তায় অশালীন আচরণের অভিযোগ, ডেলিভারি কর্মীকে ধরে থানায় নিলেন নারী পুলিশ সদস্য
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার খরদহে প্রকাশ্যে এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক ডেলিভারি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই আটক করে থানায় নিয়ে যান ওই তরুণী, যিনি পরে পুলিশ সদস্য হিসেবে পরিচিত হন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে খরদহ শহরের ব্যস্ত বিটি রোডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডেলিভারি কর্মী মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। একই সময় একটি স্কুটিতে করে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন এক তরুণী।
অভিযোগ অনুযায়ী, তরুণীকে লক্ষ্য করে ডেলিভারি কর্মী ইচ্ছাকৃতভাবে অশালীন অঙ্গভঙ্গি করেন। এমন আচরণের পরপরই তরুণী নিজের স্কুটি থামিয়ে অভিযুক্তের জামার কলার ধরে তাকে স্থানীয় খরদহ থানায় নিয়ে যান।
পরে জানা যায়, অভিযোগকারী তরুণী নিজেই পুলিশের একজন সদস্য। তার দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ডেলিভারি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ঘটনার তদন্ত চালানো হচ্ছে।